স্বর্ণের দাম কমার একদিনের মাথায় আবারও মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
বুধবার ৬ মে সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় আনা হয়েছে।
নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৫৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে দামে কিছুটা ওঠানামা অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইজ.ওআরজি-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৬৫০ ডলারে নেমেছে। এর আগে ৩০ জানুয়ারি এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।




