
ঢাকা, ৬ মে – দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম এবং সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে পুনরায় সচল করার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় এবং অকার্যকর হয়ে পড়ায় এসব ক্রীড়া অবকাঠামো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে, ক্রীড়া স্থাপনাগুলোকে আর কোনো ধরনের মেলা বা ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেয়া হবে না।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কোনো স্টেডিয়ামে মেলার অনুমোদন দেননি এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে মন্ত্রণালয়।
জেলা পর্যায়ের অনেক ক্রীড়া অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব স্থাপনা সচল করার প্রধান উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের পথ সহজ করা।
এ সময় প্রতিমন্ত্রী সরকারের যুব উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং এবং মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কারিগরি ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের সঠিক ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
এস এম/ ৬ মে ২০২৬






