সতীর্থ রবিনহো জুনিয়রকে মারধরের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে নেইমার। পেতে পারেন শাস্তিও। মাঠের বাইরের এই টালমাটাল অবস্থায় থাকলেও বিশ্বকাপের আগে মাঠের পারফরম্যান্স ধরে রেখেছেন নেইমার। সান্তোসের হয়ে জালের দেখা পেয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদতা, তবে তার গোলের পরও দলকে জেতাতে পারলেন না।
কোপা সুদামেরিকানায় বুধবার রেকোলেতার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। এদিন নেইমার গোল করে সান্তোসকে এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি দল। ম্যাচের শেষদিকে গোল হজম করে হারাতে হয়েছে। প্রতিযোগিতায় এটি নেইমারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচ খেলে ৫ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।
ড্রয়ের পর ৪ ম্যাচ শেষেও নিজেদের গ্রুপে জয়শূন্য থাকল নেইমারের দল। ৪ ম্যাচে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে সান্তোস। এর আগে এপ্রিলে দুদলের প্রথম দেখাতেও ১-১ গোলে ড্র হয়েছিল। সেদিনও নেইমার গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন।
প্যারাগুয়ের দলটির মাঠে সান্তোসেরই আধিপত্য ছিল। ৬৯ শতাংশ বল পজেশন রেখে মোট ১৬টি শট নিয়েছে পেইজিরা, যার ৪টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেকোলেতার ৩টি শটের প্রতিটিই লক্ষ্যে ছিল।
ড্রয়ের পরও অবশ্য নেইমারের পরের রাউন্ডে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হাতে আছে এখনও দুই ম্যাচ। কোপা সুদামেরিকানায় প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নই শুধু সরাসরি পরের রাউন্ডে যাবে। রানার্স আপ দলকে প্লে-অফ খেলতে হবে কোপা লিবের্তাদোরেসের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ক্লাবের বিপক্ষে।




