
তেল আবিব, ২৪ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। শুক্রবার তিনি জানান যে তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা গ্রহণ করেছেন।
৭৬ বছর বয়সী এই নেতা আরও জানান যে ২০২৪ সালের শেষের দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণে একটি অস্ত্রোপচারের পর তার শরীরে ক্যানসারজনিত টিউমার শনাক্ত হয়েছিল।
ইরানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির চূড়ান্ত সময়ে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করতে বিলম্ব করেছিলেন। বর্তমানে যুদ্ধবিরতি চলায় তিনি তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দেশবাসীকে অবহিত করেছেন।
নেতানিয়াহু দাবি করেন যে তিনি এখন পুরোপুরি সুস্থ এবং চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। প্রধানমন্ত্রী জানান যে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি টিউমার ধরা পড়েছিল যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। ঝুঁকি এড়াতে তিনি জেরুজালেমে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনো চিহ্ন অবশিষ্ট নেই।
তেহরানের পক্ষ থেকে যেন কোনো অপপ্রচার চালানো না হয় সেই উদ্দেশ্যেই তিনি গত দুই মাস এই তথ্যটি জনসমক্ষে আনেননি বলে জানান।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬






