বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে কাঙ্ক্ষিত শুরু হয়নি পর্তুগালের। শক্তির বিচারে অনেক নিচের এই আফ্রিকান দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। এমনকি হারের শঙ্কাও জেগেছিল পর্তুগালের, তবে এই ম্যাচের ধাক্কা সামলে সামনের দিকে মনোযোগ দিতে বললেন অধিনায়ক রোনালদো।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা। তাতে ১৯৭৪ সালে একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করল।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যেম পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী লিখেছেন, ‘আমরা যে শুরুটা চেয়েছিলাম সেটি হয়নি, কিন্তু এটা শেষ নয়, টুর্নামেন্টের অনেক বাকি। মাথা উঁচুতে রাখতে হবে এবং পরবর্তী খেলায় মনোযোগী হতে হবে।’
পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন রোনালদো। ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়েছেন তিনি এবং কোনোটিতে সফল হতে পারেননি। ম্যাচ শেষে তিনিও হতাশ, দলের পারফরম্যান্সও তার কাছে অস্বস্তিকর ছিল।
তবে এই ড্রয়ের পরও সান্ত্বনা খুঁজছেন রোনালদো। কারণ কঙ্গোর কয়েকটি আক্রমণে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পর্তুগালের। ম্যাচের পর স্টেডিয়ামের মিক্সড জোনে ৪১ বর্ষী মহাতারকা বলেছেন, ‘আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারত।’


