এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমে কঠিন পরিক্ষাই দিতে হল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। শুরুতে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগের মিনিটে সমতায় ফেরে কঙ্গো। বিরতির পর বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইউরোপের দেশটি। শেষপর্যন্ত ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হল রোনালদো বাহিনীর।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা।
উইসার গোল শুধু ম্যাচে সমতা ফেরায়নি, গড়েছে ইতিহাসও। বিশ্বকাপের ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলদাতা হলেন তিনি। আগে দলটি টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি গোল হজম করলেও কোনবারই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলে প্রাধান্য বিস্তার করে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বাঁ-প্রান্ত থেকে পেদ্রো নেতোর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান নেভেস, ১-০তে এগিয়ে যায় পর্তুগিজরা।
গোলের পর পর্তুগাল খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডিআর কঙ্গোও ম্যাচে উপস্থিতি জানান দিতে শুরু করে। রক্ষণভাগে অধিনায়ক চ্যান্সেল মবেম্বার দৃঢ় পারফরম্যান্স দলকে ভরসা জোগায়, আর আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে নেয়। সেই কর্নার থেকে আসে তাদের ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্ত। ডান দিক থেকে ভেসে আসা বল ফার পোস্টে থাকা সম্পূর্ণ ফাঁকায় দাঁড়ানো উইসার কাছে পৌঁছালে তিনি উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে জালে পাঠান। এই গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোলের দেখা পায় ডিআর কঙ্গো এবং স্কোরলাইন ১-১ সমতায় ফেরে।
বিস্তারিত আসছে…



