হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪২টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭২টি শিশু। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৫টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০টি শিশু। এর মধ্যে ৩৬৩টি শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩৭৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৯ হাজার ৫৪৯টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫টি শিশু। তাদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২৭।

Scroll to Top