শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছাতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল | চ্যানেল আই অনলাইন

শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছাতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল | চ্যানেল আই অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তান সফরে যেতে পারেন বলে জানা গেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আশাকে জোরদার করেছে।

ইসলামাবাদ সূত্র ও রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, তিনি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে শুক্রবার রাতের মধ্যে পাকিস্তানে পৌঁছাতে পারেন।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আরাঘচি।

একজন পাকিস্তানি কর্মকর্তা জানান, সফরটি চূড়ান্ত হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

এদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে। পাশাপাশি মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের একটি প্রতিনিধি দল শনিবারের মধ্যে পাকিস্তানে পৌঁছাতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ফলহীন হলেও ভেঙে যায়নি।

বিশ্লেষকদের মতে, আরাঘচির সম্ভাব্য সফর নতুন করে কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে, যদিও দুই পক্ষের অবস্থানে এখনও বড় ধরনের পার্থক্য রয়ে গেছে।

Scroll to Top