বিবৃতিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দূতাবাস, কনস্যুলেট ও মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।
রোববার ২৬ এপ্রিল মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি সর্বোচ্চ পর্যায়ের হত্যা মামলা (ফার্স্ট ডিগ্রি) হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে তদন্ত-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি পরিবারের সঙ্গে সমন্বয় করবে মর্মে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে চলমান তদন্ত-অনুসন্ধানকারী ও অন্যান্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
এছাড়া দূতাবাস স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও বসবাসরত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমের সঙ্গেও দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।





