এদিকে প্রার্থী ঘোষণার পর আজ প্রথম ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার বিলজানি বাজারে পৌঁছালে নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখান থেকে মোটসাইকেল শোডাউন করে মেহেদী আহমেদ রুমী কুমারখালী শহর প্রদক্ষিণ করেন।
শোডাউন শেষে সৈয়দ মেহেদী আহমেদ নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজ আপনাদের ভালোবাসায় আমার ৩৬ ইঞ্চির বুক ৪২ ইঞ্চি হয়ে গেছে। কেডা আমার প্রতিদ্বন্দ্বিতা করবে আসুক। আমি দেখতে চাই ব্যালটের মাধ্যমে। আমি কোনো অন্যায় করিনি। তরুণদের সঙ্গে নিয়ে ইনশা আল্লাহ আমি বিজয়ী হবো।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছেন। অনেককেই দিতে পারেননি উনি। আমি তাঁদের কাছে আহ্বান জানাব, আসেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল করে কোনো লাভ নেই। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হবে। জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে মিছিল করা হবে। সেই মিছিল করে আপনারা টিকতে পারবেন না। জনগণ ব্যালটের মাধ্যমে সেই মিছিলকে উড়িয়ে দেবে ইনশা আল্লাহ। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাই, আসেন একসঙ্গে নির্বাচন করি।’