কিউইদের টি-টুয়েন্টি সিরিজে হারাতে আশাবাদী শামীম | চ্যানেল আই অনলাইন

কিউইদের টি-টুয়েন্টি সিরিজে হারাতে আশাবাদী শামীম | চ্যানেল আই অনলাইন

সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে জলঘোলা কম হয়নি। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত মেগা ইভেন্টে খেলা হয়নি টাইগারদের। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকমাস পেরিয়ে গেলেও সেই আক্ষেপ যেন কাটছেই না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে শামীম পাটোয়ারী জানিয়েছেন, অতীত ভুলে তাদের নজর এখন সামনে।

কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শেষ ম্যাচে মাঠে নামবে ১-০ তে এগিয়ে থাকায় বাংলাদেশ। তার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারী বিশ্বকাপ না খেলার বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘আমরা বেশ কিছু সিরিজ জিতেছি, দলের মধ্যে বুঝাশোনাটা দারুণ। দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপটা মিস করে ফেলেছি, যা আমাদের হাতে ছিল না। তবে আমরা মানসিকভাবে এবং খেলার দিক থেকে দারুণ প্রস্তুত ছিলাম।”

শামীমের কাছে বিশ্বকাপের প্রসঙ্গ এখন অতীত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে তারা সামনের দিকে তাকাতে চান। তার মতে, দলের ইতিবাচক মানসিকতা এবং জয়ের তাড়না বজায় রাখাই এখন মূল লক্ষ্য।

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না শামীম। প্রথম ম্যাচ জয়ের পর তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করাই এখন দলের প্রধান লক্ষ্য বলে জানান এই বাঁ-হাতি ব্যাটার।

তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই। আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার অবশ্যই। আমরা চাইব যে অবশ্যই জেতার জন্য খেলার জন্য।’

Scroll to Top