নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টি-টুয়েন্টি ম্যাচের জন্য দলে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের অপরিবর্তিত দলের কথাই জানিয়েছে সংস্থাটি।
সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৬ উইকেটের দারুণ জয়ের পর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়েই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে দলে প্রথমবার ডাক পেলেও প্রথম টি-টুয়েন্টির দলে সুযোগ মেলেনি আব্দুল গফফার সাকলাইনের। তৃতীয় টি-টুয়েন্টিতে একাদশে জায়গা মিলতে পারে তার। এছাড়া কন্ডিশন বিচারে প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া নাসুম আহমেদ এবং সাইফউদ্দিন আহমেদও এই ম্যাচের স্কোয়াডে সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহঅধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।





