নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা | চ্যানেল আই অনলাইন

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে মুসলমানরা যখন নতুন হিজরি বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন ইসলামের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবাও প্রস্তুত হচ্ছে নতুন ‘কিসওয়া’র জন্য।

প্রতি বছর নবায়ন হওয়া এই ঐতিহ্য সৌদি আরবের পক্ষ থেকে মসজিদুল হারামের প্রতি বিশেষ যত্ন এবং কিসওয়া তৈরির সূক্ষ্ম কারুশিল্প ও দক্ষতার পরিচয় বহন করে।

নতুন কিসওয়া তৈরির প্রস্তুতি শুরু হয় কয়েক মাস আগে থেকেই। এ কাজ পরিচালিত হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ায়। সেখানে বিশেষজ্ঞরা বিশুদ্ধ প্রাকৃতিক রেশম ব্যবহার করে কিসওয়া তৈরি করেন এবং স্বর্ণ ও রৌপ্য প্রলেপযুক্ত সুতা দিয়ে তাতে কোরআনের আয়াত ও নকশা সূচিকর্ম করেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, কিসওয়া পরিবর্তনের নির্ধারিত সময় ঘনিয়ে এলে মসজিদুল হারামেও প্রস্তুতি জোরদার করা হয়। নতুন কিসওয়ার বিভিন্ন অংশ নির্দিষ্ট স্থানে পৌঁছে রাখা হয়, যাতে স্থাপনের সময় কোনো বিঘ্ন না ঘটে। একই সঙ্গে বিশেষজ্ঞরা সূচিকর্ম করা অংশ, ইসলামি অলংকরণ ও কোরআনের আয়াতসম্বলিত নকশাগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখেন।

কিসওয়া পরিবর্তনের আগের রাতে বিশেষায়িত কারিগরি ও প্রকৌশল দল কাজ শুরু করে। প্রথমে পুরোনো কিসওয়ার সঙ্গে সংযুক্ত স্বর্ণখচিত অলংকার ও সূচিকর্ম করা অংশগুলো খুলে ফেলা হয়। এরপর সতর্কতার সঙ্গে পুরোনো কিসওয়ার বিভিন্ন অংশ অপসারণ করে কাবার চার পাশে ধাপে ধাপে নতুন কিসওয়া স্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নির্ভুল পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়, যাতে প্রতিটি অংশের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে।

একই রাতে কাবাকে ঘিরে থাকা সূচিকর্ম করা বেল্ট এবং কাবার দরজার পর্দাও স্থাপন করা হয়। পাশাপাশি কিসওয়ার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত স্বর্ণখচিত অলংকারগুলোও সংযোজন করা হয়।

এই আয়োজন কিসওয়া উৎপাদন, সংরক্ষণ ও স্থাপনে সৌদি বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তুলে ধরে। বয়ন, সূচিকর্ম ও উৎপাদন প্রযুক্তিতে আধুনিক কৌশল ব্যবহারের পাশাপাশি ইসলামি ঐতিহ্য সংরক্ষণে সৌদি আরব বিশ্বমানের দক্ষতা অর্জন করেছে।

কিসওয়া পরিবর্তনের এই বার্ষিক অনুষ্ঠান ধর্মীয় ও সভ্যতাগত দিক থেকে গভীর তাৎপর্য বহন করে। এটি মুসলমানদের হৃদয়ে পবিত্র কাবার বিশেষ মর্যাদার প্রতিফলন ঘটায়। একই সঙ্গে ইসলামের দুই পবিত্র মসজিদের প্রতি সৌদি নেতৃত্বের দীর্ঘদিনের সেবামূলক অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।

মহররম মাসের প্রথম দিনের সূর্যোদয়ের আগেই নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা। এর মধ্য দিয়ে শুরু হবে নতুন হিজরি বছর। প্রতি বছরের মতো এবারও কিসওয়া পরিবর্তনের এই আয়োজন মসজিদুল হারামের প্রতি অব্যাহত যত্ন এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান ইসলামি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Scroll to Top