নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর | চ্যানেল আই অনলাইন

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে তিন আসরে অংশ নিলেও কখনও জয়ের দেখা পায়নি মিশর। প্রথম জয়ের খোঁজেই সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে নেমেছিল মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন দলটি। প্রথমার্ধে লিড নিয়ে বেশ এগিয়েই ছিল দেশটি, তবে নিজেদের জালে গোল দিয়ে বাড়াল প্রথম জয়ের অপেক্ষাটা।

মঙ্গলবার লুমেন ফিল্ডে ‘জি’ গ্রুপের লড়াইয়ে বেলজিয়ামের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ইমাম আশুরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হানি নিজেদের জালে বল জড়ান। পরে ১-১ সমতায় শেষ হয় লড়াই।

ম্যাচের শুরুতে মিশরই আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তৈরি করে বেলজিয়াম। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনার বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বেলজিয়াম ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করলেও পাল্টা আক্রমণে সাফল্য পায় মিশর। ১৯তম মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলেন মোহাম্মদ সালাহ। তার নিখুঁত পাস পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ইমাম আশুর। ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর এটি আশুরের প্রথম আন্তর্জাতিক গোল, সেটি এলো বিশ্বকাপের মঞ্চে।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর, রক্ষণে মনোযোগ দেয়। বল দখলে নিয়ন্ত্রণ নেয়া বেলজিয়াম সমতায় ফিরতে একাধিক আক্রমণ করলেও ধার কমিয়ে দেয় মিশরের সুশৃঙ্খল রক্ষণ। ফলে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

বিরতির পরও বেলজিয়াম আক্রমণের তীব্রতা বাড়ালেও ছেড়ে কথা বলেনি মিশর। আক্রমণ-প্রতিআক্রমণেই জমে ওঠে লড়াই। ৬৫ মিনিটে রোমেলু লুকাকুকে নামান বেলজিয়াম কোচ। পরের মিনিটেই সমতায় ফেরে তারা। ডান দিক থেকে থমাস মুনিয়েরের বিপজ্জনক ক্রস রোমেলু লুকাকুর দিকে এগিয়ে যাচ্ছিল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়াসির ইব্রাহিমের ছোঁয়ায় সেটি গিয়ে লাগে সতীর্থ মোহাম্মদ হানির গায়ে এবং জড়িয়ে যায় নিজেদের জালে। দুর্ভাগ্যজনক সেই গোলে ১-১ সমতায় ফেরে বেলজিয়াম।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে মিশর। দুদলের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়াতে ম্যাচ শেষ ১-১ সমতায়।

Scroll to Top