অরিজিতের পথে হাঁটছেন প্রীতম | চ্যানেল আই অনলাইন

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম | চ্যানেল আই অনলাইন

চলতি বছরের শুরুর দিকেই কোটি ভক্তকে হতবাক করে দিয়ে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। বলিউড ও টলিউডের এই সুপারস্টার গায়ক জানিয়েছেন, আগামীর দিনগুলোতে কেবল নিজের মনের মতো গান করে যেতে চান। এবার অরিজিতের পথে হাঁটছেন আরেক জনপ্রিয় সংগীতকার প্রীতম।

তিনিও পশ্চিমবঙ্গের, তবে সাফল্য পেয়েছেন বলিউডে। মুম্বাই সিনেমার বহু শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তিনি। গতকাল ছিল প্রীতমের জন্মদিন। আর সেদিনই দিলেন বিদায়ের ঘোষণা। জানালেন, কয়েকটা বছর এবার নিজেকে দিতে চান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে প্রীতম লেখেন, ‘এবার নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই। এখন থেকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিলাম। নতুন সফরে পা রাখার সময় এসেছে; যে কাজগুলো এতদিন ফেলে রেখেছিলাম, সেগুলোই করব।’

এরপরই প্রীতম ইঙ্গিত দেন বলিউড ত্যাগের। লিখলেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রীতমের বার্তায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি এখন থেকে বাণিজ্যিক ছবির গান করবেন না। বরং আত্মার সন্তুষ্টির জন্য নিজের মতো নিভৃতে গান করে যাবেন। যেমনটা করার কথা জানিয়েছেন অরিজিৎ সিংও।

২০০১ সালে ‘তেরে লিয়ে’ ছবিতে জিৎ গাঙ্গুলির সহকারী হিসেবে সংগীত পরিচালনা শুরু করেন তিনি। দু’বছর পর ‘স্টাম্পড’ দিয়ে একক ক্যারিয়ার শুরু। তবে ‘ধুম’ (২০০৪) ছবির গান দিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখেন প্রীতম। এরপর ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ… মেট্রো’, ‘ধুম ২’, ‘আওয়ারাপান’, ‘ভুল ভুলাইয়া’, ‘জান্নাত’, ‘সিং ইজ কিং’, ‘লাভ আজ কাল’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘ফ্যান্টম’, ‘দঙ্গল’, ‘যাব হ্যারি মেট সেজাল’, ‘কলঙ্ক’, ‘ছিচোড়ে’সহ অনেক জনপ্রিয় ছবির সংগীত করেছেন। গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছয়টি ফিল্মফেয়ারসহ অর্ধশতাধিক পুরস্কার পেয়েছেন প্রীতম।

Scroll to Top