
ঢাকা, ২ জুন – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মর্যাদাপূর্ণ এই পদে তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করেন।
মঙ্গলবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে সাধারণ পরিষদ কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি ভোট।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই ফলাফল ঘোষণা করেন। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান সাধারণ পরিষদ কক্ষে তার বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য যে, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করল। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
আঞ্চলিক পালাক্রম অনুযায়ী এবারের সভাপতির পদটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সংরক্ষিত ছিল। বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিলেও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র।
উল্লেখ্য যে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার খলিলুর রহমানকে এই পদের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করে।
এনএন/ ২ জুন ২০২৬






