আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি – DesheBideshe

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি – DesheBideshe


আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি – DesheBideshe

বুয়েনোস আইরেস, ২ জুন – শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসন্ন বিশ্বকাপে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের শুরু থেকে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে পাওয়া যাবে কি না তা নিয়ে গত কয়েকদিন ধরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মাঠে নামছেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন যে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যাবে মেসিকে।

৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে আর্জেন্টিনার কোচিং স্টাফরা শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় তিনি যেন কোনো বড় ইনজুরিতে না পড়েন সেদিকে রাখা হয়েছিল বিশেষ দৃষ্টি।

মৌসুমের শেষ দিকে মায়ামির হয়ে খেলার সময় মাঠ ছেড়ে গেলে ভক্তদের মনে দুশ্চিন্তা দেখা দেয়। পরবর্তীতে জানা যায় যে বড় কোনো চোট না থাকলেও তিনি শারীরিক অস্বস্তি বোধ করছিলেন। ফলে ধারণা করা হয়েছিল কোচ লিওনেল স্কালোনি হয়তো তাকে গ্রুপ পর্বের শুরুর দিকে বিশ্রাম দিতে পারেন। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে প্রথম ম্যাচেই ফিরছেন মেসি। তবে পুরো নব্বই মিনিট তিনি মাঠে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

মূল টুর্নামেন্ট শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি অংশ নেবেন কি না সে বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখনো স্পষ্ট কিছু জানায়নি।

এনএন/ ২ জুন ২০২৬



Scroll to Top