জয়ের পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে লুৎফুর রহমান বলেন, ‘আমাকে ও এসপায়ার দলকে পুনর্নির্বাচিত করায় টাওয়ার হ্যামলেটসের জনগণকে ধন্যবাদ। আমরা জীবনযাত্রার ব্যয় মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নির্মাণ ও কমিউনিটি–কেন্দ্রিক সেবা অব্যাহত রাখব। আমাদের স্লোগান “এসপায়ার ফর ডেলিভারি অ্যান্ড কমিউনিটি” তথা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও কমিউনিটির কল্যাণে এসপায়ার ।’
লুৎফুর রহমান বলেন, এসপায়ার প্রশাসন দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল এবং এ–লেভেল শিক্ষার্থীদের জন্য এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স পুনরায় চালু করেছে। নতুন মেয়াদে কম আয়ের পরিবারের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্রাভেল পাস চালুর পরিকল্পনাও রয়েছে।
টাওয়ার হ্যামলেটসকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ও সিটি অব লন্ডনের পর তৃতীয় বৃহৎ স্থানীয় অর্থনৈতিক হাব হিসেবে বিবেচনা করা হয়। কাউন্সিলটির বার্ষিক নেট বাজেট বর্তমানে ৫০ কোটি পাউন্ডের বেশি। নির্বাহী মেয়র হিসেবে লুৎফুর রহমান শত শত মিলিয়ন পাউন্ডের বাজেট, আবাসন, শিক্ষা, সামাজিক সেবা ও স্থানীয় উন্নয়ন নীতির ওপর সরাসরি প্রভাব রাখার ক্ষমতা রাখেন। লন্ডনের ৩২টি বরোর মধ্যে মাত্র পাঁচটিতে এই ধরনের শক্তিশালী নির্বাহী মেয়র ব্যবস্থা চালু রয়েছে।



