গোপালগঞ্জ-এ ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মোরসালিন শেখ ওরফে রাজু (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গোপালগঞ্জ পুলিশ মিডিয়া গ্রুপের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার (৯ মে) গভীর রাতে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাজু কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের কালাম শেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার ১০ বছর বয়সী শিশুটি গত ৩ মে কাশিয়ানীর নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত রাজু ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সেই সুযোগে গত বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান তিনি।
পরে পুকুরপাড়ের একটি জমিতে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর শিশুটি তার খালাকে ঘটনাটি জানায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাশিয়ানী থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার চার ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক শেখ তাজউদ্দিন আহমেদ ও উপপরিদর্শক খায়রুল বাশার বিশেষ অভিযান পরিচালনা করেন


