বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছেন, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে সারা দেশে কমতে পারে তাপমাত্রা।

রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এবং এর পরের ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে।
এছাড়া, এর পর থেকে ফের দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়ে সংস্থাটি বলছে, এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
এদিকে, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরদিন মঙ্গলবার (১২ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পর থেকে দুদিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


