বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। আসরে দ্বিতীয় ম্যাচে বাংলাভিশনকে ২-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা। একটি করে গোল এনেছেন আবু তাহের ও আবদুল্লাহ আল নওফেল হাদি।
মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকে চালকের আসনে ছিল চ্যানেল আই। প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করে, সেগুলো কাজে লাগাতে পারেননি যদিও। প্রথমার্ধ গোলশূন্য ড্র’তে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে শুরুতে বাংলাভিশনের জাল বল জড়ান আবু তাহের। শেষ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করেন আবদুল্লাহ আল নওফেল হাদি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে হাদির হাতে। বুধবার সকাল সাড়ে ৯টায় কোয়ার্টার ফাইনালে যুগান্তরের মুখোমুখি হবে চ্যানেল আই।
গ্রুপপর্বের প্রথম খেলায় বাংলাদেশ টেলিভিশনের বিপক্ষে ওয়াকওভার পেয়েছিল চ্যানেল আই।




