দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতায় সেই সংকট নিরসন করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ডিজেল চুরি এবং কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দেশে জ্বালানি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, তেলের সংকটের কারণে কোথাও লোডশেডিং হয়নি। তবে কিছু ক্ষেত্রে কারিগরি ত্রুটির কারণে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বর্তমানে দেশে সামগ্রিকভাবে লোডশেডিং পরিস্থিতি নেই।




