‘ভারত থেকে বাঙালিদের পুশ ইন করা নিয়ে সংশয় নেই’ | চ্যানেল আই অনলাইন

‘ভারত থেকে বাঙালিদের পুশ ইন করা নিয়ে সংশয় নেই’ | চ্যানেল আই অনলাইন

পশ্চিমবঙ্গের বিধানসভায় নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি তাই যেই ক্ষমতায় আসুক আমাদের সম্পর্ক একই থাকবে। ভারত থেকে বাঙালিদের পুশ ইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেয়া আমাদের লক্ষ্য। সেদেশের বাঙালিদের আমাদের এখানে পুশ ইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই।

বর্তমান সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারকে জনগণের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না। বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এমপি গয়েশ্বর চন্দ্র রায়।

Scroll to Top