ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী – DesheBideshe

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী – DesheBideshe


ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী – DesheBideshe

ঢাকা, ১ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অসংখ্য মেধাবী শিক্ষার্থী আত্মত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষার প্রসার ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রতিপাদ্যটিকে তিনি অত্যন্ত সময়োপযোগী বলে বর্ণনা করেন।

আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ন্যানো টেকনোলজির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কেবল সনদধারী না হয়ে বাস্তবমুখী ও প্রায়োগিক শিক্ষায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি গবেষণার সংস্কৃতি জোরদার করার কথা বলেন। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য তিনি পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ও বিদেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং বাংলা ও ইংরেজির বাইরে আরও একটি তৃতীয় ভাষায় পারদর্শী হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

এনএন/ ১ জুলাই ২০২৬



Scroll to Top