সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা বদলে গেছে। এখন যুদ্ধ, প্রতিরক্ষা ও নিরাপত্তা শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তথ্য ব্যবস্থাপনাও এর গুরুত্বপূর্ণ অংশ।
আজ (১ জুলাই) বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীটির নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দিতে সরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় নিরাপত্তারই অবিচ্ছেদ্য অংশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রচলিত ধারণার বাইরে এনে আধুনিক ও বহুমাত্রিক ভূমিকায় সম্পৃক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও ভুয়া তথ্যের বিস্তার থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সচেতনতা তৈরি ও সঠিক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


