
লাহোর, ১ জুলাই – পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন শিশু আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পরপরই ১৯ জন শিশুকে উদ্ধার করে কাহনা তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ১৪ জন শিশুকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও বর্তমানে চারজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে উদ্ধার অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু অবস্থান করছিল।
পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলাকালে হঠাৎ করেই নিচতলার ছাদটি ধসে পড়ে। সেই সময় নিচতলায় শিশুরা পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছিল। এই ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তলব করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই এমন ভবন ধসের দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত বছরের জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় একটি বহুতল ভবন ধসে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
এনএন/ ১ জুলাই ২০২৬






