আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮ | চ্যানেল আই অনলাইন

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮ | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১১৮ শিশু। বুধবার (১ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭১৯ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫১। এ সময়ে নতুন করে ৮৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ১৩২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৮৫ হাজার ৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮১ হাজার ৮৮২ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Scroll to Top