ফ্রান্সকে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে নেয়ার দিকে বেশ ভালোভাবে এগিয়ে চলেছেন কাইলিয়ান এমবাপে। জার্মান সাবেক মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে ১৬ গোলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির (১৯) পেছনে ছুটছেন। তবে এমবাপের চোখ সর্বাধিক গোলের দিকে নয়, সোনালী ট্রফির দিকেই।
২৭ বর্ষী এমবাপে বিশ্বকাপে ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। নিউ ইয়র্কের উষ্ণ, আর্দ্র বিকেলে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফরাসিদের জোড়া গোল এনে দিয়েছেন। এদিন বিশ্বকাপ ক্যারিয়ারে ১৭তম ও ১৮তম গোল পেয়েছেন ২০২৮ বিশ্বজয়ী তারকা। মেসির রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে আছেন। আসরে ৬ গোল করে এমবাপে গোল্ডেন বুটের দৌড়েও আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে সমানতালে লড়ছেন।
শেষ ষোলোয় প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন কিনা, এমন প্রশ্নে এমবাপে রসিকতা করে বলেছেন, ‘আমি ড্রেসিংরুম এবং এসির জন্য মুখিয়ে আছি।’ নিউ ইয়র্কে বিকেল ৫টায় খেলা শুরুর সময়ে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ইঙ্গিত করেছেন।
সবশেষ জয় শেষে এমবাপে জানিয়েছেন লক্ষ্য শুধুই বিশ্বকাপ জয়ের দিকে। মেসির সঙ্গে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে ছুটছেন না। বলেছেন, ‘আমি যেমন বলেছি, আমার মনে হয় লক্ষ্য হল যতটা সম্ভব এগিয়ে যাওয়া, ১৯শে জুলাইয়ের ফাইনালে পৌঁছানো। আমরা জেতার চেষ্টা করছি, আমরা ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই, যতবেশি গোল করবেন, র্যাঙ্কিংয়ে তত উপরে উঠবেন।’
‘আমি এ ব্যাপারে নতুন কিছু বলছি না। কিন্তু আমি এও নিশ্চিত যে লিও (মেসি) আরও গোল করবে। তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দেই না। আমি বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং ফাইনালের কতটা কাছাকাছি পৌঁছেছি, সেদিকেই বেশি মনোযোগ দেই।’



