ফ্রেইবুর্গকে হারিয়ে ৪৪ বছর পর কোন ইউরোপিয়ান শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ঐতিহাসিক রাতে ভাঙ্গা আঙুল নিয়েই লড়েছেন চ্যাম্পিয়ন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আঙুল ভেঙে যায় তার, জানাচ্ছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
বুধবার রাতে চোট মার্টিনেজকে প্রভাবিত করতে পারেনি। ম্যাচে ক্লিন শিট রাখার পাশপাশি কিছু দুর্দান্ত সেভ করেছেন এমি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন, ‘রাতে আমরা যা অর্জন করেছি তা ছিল অসাধারণ। আমি গর্বিত এবং ম্যাচ যত গড়িয়েছে অনুভূতি ততই বেড়েছে। ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙ্গে গিয়েছিল। কিন্তু এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। এর আগে আমার কখনও আঙুল ভাঙ্গেনি।’
ওয়ার্ম-আপ চলাকালীন মার্টিনেজ দলের চিকিৎসা স্টাফদের থেকে প্রাথমিক পথ্য নেন, ‘যতবার বল ধরার চেষ্টা করেছি, আঙুলটা উল্টো দিকে পিছলে যাচ্ছিল। কিন্তু এগুলো এমনকিছু বিষয় যা পার হয়ে যেতেই হবে।’
যেকোনো খেলোয়াড়ের জন্য দুশ্চিন্তার বিষয় বিশ্বকাপের আগে চোটে পড়া। ম্যাচের পর মার্টিনেজ চোটটিকে হেসে উড়িয়ে দিয়েছেন- ‘আমি অত্যন্ত আনন্দিত। এখন সতীর্থদের সাথে উদযাপন করার পালা। এমন একটা সুযোগ যা এই দল অনেক দিন ধরে পায়নি। এরপর আমার মনোযোগ বিশ্বকাপের দিকে যাবে।’
জার্মান ক্লবটিকে ৩-০ গোলে হারিয়েছে ভিলা। ম্যাচের ৪১ মিনিটে ইউরি টাইলেম্যানসের গোলে লিড পায় এমির দল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ৫৮তম মিনিটে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন মরগান রজার্স।





