
আজারবাইজানে গড়াতে চলা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্যারেথ বেলের দেশ ওয়েলস, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে। এছাড়া বাকি তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
আন্তর্জাতিক পর্যায়ে তরুণ ফুটবলারদের প্রতিভা যাচাইয়ের এই আয়োজনে মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের জন্যও এটি আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য তুলে ধরার বড় সুযোগ।
গ্রুপপর্বে অবশ্য কঠিন ও ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশের তরুণদের। মাত্র তিন দিনে খেলতে হবে পাঁচটি ম্যাচ। সূচি অনুযায়ী, ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। পরদিন ২৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে তারা। একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
২৬ অক্টোবর গ্রুপপর্বের শেষ দিনেও বাংলাদেশের রয়েছে দুটি ম্যাচ। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে মাঠে নামবে দলটি।
বাফুফে জানিয়েছে, দেশের যুব ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শক্তিশালী বিভিন্ন দেশের দলের বিপক্ষে খেলার মাধ্যমে তরুণ ফুটবলাররা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা আরও বিকশিত করার সুযোগ পাবেন।
দেশের ইয়ুথ ফুটবলের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় জানিয়েছে বাফুফে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…