
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক উইন্ডোর জন্য কোচ মরিসিও পচেত্তিনোর দলে জায়গা করে নিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার।
বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ১৩ ফুটবলারের একজন কাভান। মাঠে নামলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হিসেবে অভিষেক করবেন।
এমএলএসের মৌসুম পুনরায় শুরুর পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন কাভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ইতিমধ্যে আমেরিকান ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে আলোচনায় এসেছেন তিনি।
কাভানের নানি সুলতানা আলম ঢাকার বাসিন্দা ছিলেন। শুধু তাই নয়, কাভানের বড় জমজ ভাই রোনান ও ডেকলান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।
মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কাভানের। আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেবেন তিনি। আর ১৮ বছর পূর্ণ হওয়ার পর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে তরুণদের পরখ করার দিকেই বেশি নজর দিয়েছেন পচেত্তিনো। তার স্কোয়াডে নেই ক্রিস্টিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাককিনি ও ফোলারিন বালোগানের মতো পরিচিত কয়েকজন তারকা। কাভানের মতো প্রথমবার সুযোগ পাওয়া অন্য তরুণদের মধ্যে রয়েছেন জ্যাভিয়ার গোজো, পেইটন মিলার, জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি। ফিলাডেলফিয়া ইউনিয়নে কাভানের সতীর্থ নিল পিয়েরে ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ডও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচগুলোতে তরুণ ফুটবলারদের পরখ করার সুযোগ পাবেন পচেত্তিনো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…