‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ | চ্যানেল আই অনলাইন

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় আয়োজিত এ অংশগ্রহণের মাধ্যমে দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হচ্ছে।

মঙ্গলবার ১৯ মে পোর্তো শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এক্সপোনর-এ মেলাটি শুরু হয়েছে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

টেক্সটাইল, অ্যাপারেল, ফুটওয়্যার, লেদার এবং টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজের দীনা বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বৈশ্বিক অ্যাপারেল খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন এবং মানসম্পন্ন, টেকসই ও কমপ্লায়েন্ট পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রদর্শনী বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বি গ্রুপ আয়োজিত এই মেলাটি ইউরোপে টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে ২০টির বেশি দেশ থেকে ২৫০টিরও বেশি প্রদর্শক এবং ৫ হাজারের বেশি পেশাজীবী অংশগ্রহণ করছেন।

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ | চ্যানেল আই অনলাইন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের অ্যাপারেল উৎপাদন সক্ষমতা, টেকসই উন্নয়ন, কমপ্লায়েন্স, উদ্ভাবন এবং রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হচ্ছে। মেলা উপলক্ষে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) দৃষ্টিনন্দন ব্রোশিওর প্রকাশ করেছে এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়নবিষয়ক টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) ইপিবি বুথে প্রচার করা হচ্ছে। এ ছাড়া আগামী ২০ মে পর্তুগালের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন পোর্তো কমার্শিয়াল এসোসিয়েশন-এর পরিচালক মারিয়া দা পাজ কামিনার সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ব্যবসায়িক প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই দিনে বাংলাদেশি প্রদর্শক ও পর্তুগিজ ব্যবসায়ী নেতাদের সম্মানে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্তুগিজ আমদানিকারক, ক্রেতা, ব্যবসায়ী নেতা এবং স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের সদস্যরা অংশ নেবেন। আয়োজকদের মতে, এটি পারস্পরিক নেটওয়ার্কিং, ব্যবসায়িক ধারণা বিনিময় এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভবিষ্যৎ অংশীদারিত্ব অনুসন্ধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Scroll to Top