ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হতে চলেছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পিরলোর সঙ্গে চুক্তি হতে পারে। খবর ইউরোপের গণমাধ্যমে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পরিচালক পাওলো মালদিনি কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো হাইপ্রোফাইল কোচদের সঙ্গে আলোচনা করলেও শেষপর্যন্ত পিরলোর দিকেই ঝুঁকেছে ফেডারেশন।
তবে কঠিন এক সময়ে জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন পিরলো। টানা তিনবার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। ২০১৮ সালের আগে ১৯৫৮ সালের পর আর কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর এটি হতে যাচ্ছে পিরলোর পঞ্চম কোচিং দায়িত্ব। এর আগে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে জুভেন্টাসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এক মৌসুমে লিগে প্রত্যাশিত সাফল্য না পেলেও তার অধীনে সুপারকোপা ইতালিয়ানা ও কোপা ইতালিয়া জিতেছিল জুভেন্টাস। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের দল দুবাই ইউনাইটেডের কোচ ছিলেন পিরলো।
জাতীয় দলের দায়িত্ব পেলে পিরলোর প্রথম বড় পরীক্ষা হবে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। ২০২০ ইউরোতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তবে ২০২৪ ইউরোতে শেষ ষোলো থেকেই সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় তারা।

