
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশে তিনি সমঝোতার রাজনীতি দেখতে চান। দেশে কোনো ধরনের ধর্মীয় বা সামাজিক বিভেদ নয়, সবাই বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, এমন একটি পরিবেশ চান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। আমি সবসময় আপনাদের পাশে থাকব। আমরা ঠাকুরগাঁওয়ের মানুষ পিছিয়ে পড়া মানুষ। প্রধানমন্ত্রীর কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল, সেটি পূরণ হয়েছে। মেডিকেল কলেজও হয়ে যাচ্ছে। খুব শিগগিরই কিছু বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন।
মানুষের কল্যাণে যারা কাজ করেন, তাদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, আমি তাদের পাশে আছি। ঠাকুরগাঁওয়ের মানুষ নির্ঝঞ্ঝাট। কিন্তু একটা সময়ে তাদের ওপর অত্যাচার করা হয়েছে।
বাংলাদেশে সমঝোতার রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আমরা বাংলাদেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। ধর্মীয় বা কোনো বিভেদ চাই না। আমরা দেখতে চাই সবাই বাংলাদেশি হিসেবে এগিয়ে চলেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় গুণ হলো সহিষ্ণুতা।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জেলায় স্পোর্টস ভিলেজ ও টাউন কমপ্লেক্স গড়ে তোলা হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, সংঘাত, সংঘর্ষ, প্রতিশোধ নয়, ভালোবাসার একটি সমাজ গড়ে তুলি। জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…