রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচের অংশ, বাদামতলী ফল মার্কেট ও আরমানিটোলা মাঠ এলাকায় অবৈধ পার্কিং অপসারণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সোমবার এ অভিযান চালানো হয়।
লালবাগ ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে এসব এলাকায় ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে বাবুবাজার ব্রিজের নিচের চারটি ব্লক দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান, ভাতের হোটেল, অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে ইজারা নেওয়ার নামে দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে রাখা হয়েছিল। পার্কিংয়ের আড়ালে সেখানে ভাসমান দোকান ও মৌসুমি ফলের আড়ত বসানো হতো। এ ছাড়া নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও ছিল। সম্প্রতি এই ইজারা বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।