
সাফ গেমস বা সাউথ এশিয়ান ফেডারেশন (এসএএফ) গেমসের পরবর্তী আসর আয়োজন করতে চলছে পাকিস্তান। ২৩ বছর পর দেশটিতে খেলতে যাওয়ার নীতিগত সম্মতি জানিয়েছে ভারত। এই অংশগ্রহণ দুই দশকেরও বেশি সময় পর পাকিস্তানে সাফ গেমস ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে এমন খরব জানাচ্ছে গালফ নিউজ।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) জেনারেল সেক্রেটারি খালিদ মেহমুদের বরাতে ‘দ্য নিউজ’ জানাচ্ছে, সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
মেহমুদ আরও জানান, সংশ্লিষ্ট আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলোর পর্যায়ে খেলার জন্য ভারত সম্মতি প্রকাশ করেছে। তবে ভারতীয় ক্রীড়াদলের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারি মাসে জানানো হবে বলে আশা।
পাকিস্তান আসরের প্রস্তুতি জোরদার করার পর নতুন এই তথ্য এসেছে। সম্প্রতি দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনামূলক বৈঠকে ক্রীড়া ভেন্যুগুলোর প্রস্তুতি, নিরাপত্তা, পরিবহন, আবাসন ও চিকিৎসা সুবিধাসহ সার্বিক আয়োজন খতিয়ে দেখা হয়।
২০২৭ সালের সাফ গেমসে ২৮টি খেলা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ম্যাচ ও ইভেন্টগুলো হবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার— এই তিন শহরে। এরমধ্যে ইসলামাবাদে সবচেয়ে বেশি ১৫টি খেলা হবে, যার মধ্যে রয়েছে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্ট। লাহোরে সুইমিং, ক্রিকেট ও হকিসহ হবে ১০টি খেলা। বাকি ৩টি ডিসিপ্লিনের খেলা হবে পেশোয়ারে।
প্রতিযোগিতায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালের ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে নবম সাফ গেমসের আয়োজন করেছিল। ২০২৭ সালের আসরের মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর আবারও স্বাগতিক দেশ হিসেবে ক্রীড়াঙ্গনে ফিরতে চলেছে পাকিস্তান।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…