যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের বিখ্যাত স্পেস নিডল সংলগ্ন সিয়াটল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বাইট অব সিয়াটল’ নামের বার্ষিক খাবার উৎসব চলাকালে অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। হামলার সময় উৎসবস্থলে বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জানায়, গুলির ঘটনার তদন্ত চলছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
সিয়াটল টাইমসের খবরে বলা হয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা পরপর সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পান। এরপর মুহূর্তেই উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে চারদিকে ছোটাছুটি শুরু করেন দর্শনার্থীরা।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার আগে থেকেই উৎসবস্থলে প্রচণ্ড ভিড় ছিল। খাবারের স্টলগুলোর সামনে দীর্ঘ সারির কারণে চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
উল্লেখ্য, ১৯৮২ সালে শুরু হওয়া ‘বাইট অব সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খাদ্য উৎসব। প্রতি বছর তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শত শত খাবারের স্টল, পানীয়, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা বিনোদনের আয়োজন থাকে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।


