এখনও কাটেনি বিশ্বকাপের রেশ। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন, তারপর দুদলের খেলোয়াড়-স্টাফদের মধ্যে হয়েছিল হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে স্পেন মিডফিল্ডার দানি ওলমোর কাছে ক্ষমা চেয়েছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। তবে ওলমোর দাবি আয়ালা মিথ্যা বলেছেন, এবং ক্ষমা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিয়ার্ড তারকা।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর দুদলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। সেসময় দেখা যায়, আয়ালা সজোরে বার্সা মিডফিল্ডারের ঘাড়ে হাত তুলেছেন। গত সপ্তাহে আর্জেন্টিনার সহকারী কোচ ক্ষমা চেয়ে বলেন, ‘ওলমোর বলা কোন কথার প্রতিক্রিয়ায় এমনটা হয়েছিল।’
সেটির জেরে স্পেনের গণমাধ্যমে ওলমো বলেছেন, ‘যে ব্যক্তি দুঃখ প্রকাশ করে, একটি মন্তব্যের জবাবে ঘুষি মারার পক্ষে যুক্তি দেখায়। সে নিশ্চয় দুঃখিত নয়, কারণ সে মিথ্যা বলছে। তাকে কিছুই বলিনি, তাই তার ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন নেই। যা আমাদের প্রকৃত পরিচয় দেয় তা ভুলে যাওয়া যাবে না। বরং বিনয়, সততা ও মর্যাদার সাথে তা স্বীকার করার উচিত।’
‘যখন আমার সন্তানরা, আমার পরিবার এবং সমস্ত সমর্থকরা খেলাটি দেখবে, চাই তারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা, আমাদের জয় এবং সর্বোপরি আমাদের আচরণের জন্য গর্বিত হোক। কারণ ফুটবলের এটাই গুরুত্ব। আমরা খেলোয়াড়রা শিশু এবং নতুন প্রজন্মের জন্য একটি উদাহরণ, এবং এর সাথে একটি বিশাল দায়িত্বও আসে।’
কদিন আগে আয়ালা বলেছিলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানের কারণে, আমি কোন অনুভূতি বা অপর পক্ষের কাছ থেকে পাওয়া কোনকিছুকে আমার মেজাজ বা কাজের উপর প্রভাব ফেলতে দিতে পারি না।’
‘আমার মতে, আমাদের এখানেই একটা সীমারেখা টেনে দেয়া উচিত। এটা ঘুষি ছিল না, যেমনটা ওরা (স্পেন) বলছে। এটা তার (ওলমোর) বলা কোন কথার প্রতিক্রিয়া ছিল, ব্যস এটুকুই। যদি তার সাথে আমার দেখা হয়, অবশ্যই ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইব।’



