মানিকগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার আশঙ্কা, সতর্ক প্রশাসন

মানিকগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার আশঙ্কা, সতর্ক প্রশাসন

সাইফুল ইসলাম : আগামী ২৯ জুলাই মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে আয়োজিত পদযাত্রাকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনার কথা জানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি। তবে সম্ভাব্য যেকোনো নাশকতা মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

এনসিপি-বিএসএল

জানা গেছে, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল এবং জেলা শাখার নেতারা অংশ নেবেন। পদযাত্রাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যক্তি দাবি করেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে। তিনি এনসিপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, গত ১০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এনসিপিকে “দেশদ্রোহী” ও “জাতীয় চিটার পার্টি” আখ্যা দিয়ে তাদের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন।

এদিকে এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, সাভারে দলের কর্মসূচিতে হামলার ঘটনার পর থেকেই তারা সতর্ক রয়েছেন। তার ভাষ্য, “দুষ্কৃতিকারীরা আড়াল থেকে যেকোনো সময় নাশকতার চেষ্টা করতে পারে। তাই আমরা সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং নেতাকর্মীদেরও সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে। কোনোভাবেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গত ২৫ জুলাই মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ৩৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির নেতাকর্মীদের বেশ সক্রিয় থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ককটেল বা হাতবোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Scroll to Top