যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ ও নিয়মিত ক্লাস শুরু হবে আগামী বুধবার (১৫ জুলাই)। ওই দিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওরিয়েন্টেশন পর্ব শেষেই সংশ্লিষ্ট বিভাগসমূহে একই দিনে নতুন বর্ষের ক্লাস শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে। মূল অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাঁদের হাতে ওরিয়েন্টেশন কিট তুলে দেওয়াসহ নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণের জন্য নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।



