‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট | চ্যানেল আই অনলাইন

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট | চ্যানেল আই অনলাইন

আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণ ও ‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। এই রায়ে সর্বোচ্চ আদালত আসামের ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশী ঘোষিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর বা চূড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুরক্ষা প্রদান করে নতুন করে শুনানির নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার আসামের ট্রাইব্যুনাল কর্তৃক ‘বিদেশী’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নাগরিকত্বের অবস্থা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট একথা বলেছে।

শীর্ষ আদালত গুয়াহাটি হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় বাতিল করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে, ট্রাইব্যুনাল কর্তৃক এবার আরেকটি ‘ন্যায্য’ শুনানি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘বিদেশী’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

ট্রাইব্যুনালের রায়ে বিদেশী ঘোষিত হয়ে বন্দিশালায় থাকা সাবিত্রী দে, আজবাহার আলী, মহম্মদ আকবর আলী, আবেদা খাতুন এবং আনোয়ারা খাতুনসহ বেশ কয়েকজন আবেদনকারীর নির্বাসন স্থগিত রেখে তাদের অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করা হয়েছে। তারা শীর্ষ আদালতে এই অভিযোগ এনেছিলেন যে, পুরোনো ভোটার তালিকায় তাদের নামের বানানে সামান্য অমিল ও মুদ্রণজনিত ত্রুটির মতো অতি-কারিগরি ত্রুটির কারণে তাদের বিদেশি ঘোষণা করা হয়েছে।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত আদালতের একটি বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে, আপিলকারীদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য তারা কোনো প্রমাণ খতিয়ে দেখেননি।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সাফ জানিয়েছেন, নাগরিকত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক বিষয় কোনো তড়িঘড়ি বা পক্ষপাতমূলক সিদ্ধান্তে হতে পারে না। প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ হতে হবে।

এ বিষয়ে আদালত উল্লেখ করেছেন, প্রামাণ্য নথিতে সামান্য নামের বানান বা বয়সের তারতম্যের মতো ছোটখাটো অসঙ্গতি থাকলেই কাউকে বিদেশি বলা যায় না।

Scroll to Top