পর্তুগালে একটি ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন ২৫ বর্ষী একজন মিডফিল্ডার। ম্যাচ চলাকালীন অবস্থায় মারা যান কুইভিন কাস্ত্রো। তিনি ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের সাবেক খেলোয়াড়।
শনিবার লিসবনের এস্তাদিও দাস সেইক্সাস স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। শীর্ষ স্তরের দল এস্ত্রেলা দে আমাদোরার বিপক্ষে তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন কাস্ত্রো। প্রথমার্ধে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দুই দলের চিকিৎসকরা তার জরুরি চিকিৎসা দেয়া শুরু করেন।
লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএল) জানিয়েছে, কাস্ত্রো সকালে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ চলাকালীন মারা গেছেন।
রিয়াল স্পোর্ট ক্লাব বলেছে, ‘এই মিডফিল্ডার ছিলেন আমাদের ক্রীড়া পরিবারের একজন প্রিয় সদস্য। কুইভিন কাস্ত্রো শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। তার পরিচিত সকলের মনে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন।’
কাস্ত্রো ২০২১ সালে ওয়েস্ট ব্রমে যোগ দেন এবং কারাবাও কাপে আর্সেনালের বিপক্ষে ক্লাবের হয়ে তার অভিষেক হয়। এরপর তিনি ধারে বার্টন অ্যালবিয়নে যোগ দেন।
ওয়েস্ট ব্রম জানিয়েছে, কাস্ত্রোর মৃত্যুর খবরে তারা ‘বিধ্বস্ত’ এবং রোববার বার্নলির বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে ২৫তম মিনিটে করতালি দিয়ে এ মিডফিল্ডারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা কালো আর্মব্যান্ডও পরবে।
চলতি মৌসুমেই পর্তুগিজ তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্টে যোগ দেন কাস্ত্রো।


