বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার | চ্যানেল আই অনলাইন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে কাজ ভালোভাবে শেষ করতে প্রয়োজন হলে সময় আরও এক থেকে দুই মাস বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের কাজ চলছে। আগামী ২৫ আগস্ট জাপানি প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দেবে। এরপর বিস্তারিত মূল্যায়ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি চুক্তি সই করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির পর হাতে থাকবে সাড়ে তিন মাস। এই সময়ের মধ্যে সফট ওপেনিং করা সম্ভব হলে ১৬ ডিসেম্বরই তা করা হবে।

তবে কাজের মান নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন হলে এক থেকে দুই মাস সময় বাড়ানোর সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বিমানবহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ১০টি বিমান লিজ নেওয়া হবে। আগামী বছর আরও ১০টি বিমান যুক্ত হবে। এ ছাড়া ২০৩১ সালে বোয়িংয়ের উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top