যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রসহ প্রতীকী বার্তা প্রকাশ করেছেন, যেখানে পুরো অঞ্চলের ওপর মার্কিন পতাকা এবং ইরানের দিকে লাল তীরচিহ্ন দেখা গেছে। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি।
এনডিটিভি জানিয়েছে, আজ (১৮ মে) সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন। এতে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুক্তরাষ্ট্রের পতাকার প্রতীকী উপস্থিতি এবং ইরানের দিকে নির্দেশিত লাল তীর বিশেষভাবে নজর কাড়ে। এটি সরাসরি কোনো ঘোষণা না হলেও রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্প একাধিকবার ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে চাপ তৈরি করছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানকে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।



