মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার রাজ্যের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় এক ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন। রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
আরাকান আর্মি রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এলাকায় কাজ করা ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেছেন, কিয়াউকতাও শহরটি যুদ্ধের এলাকা থেকে বেশ দূরে। তাঁর ভাষ্যমতে, শহরটি রাখাইন রাজ্যের উত্তরে অবস্থিত একটি নদী তীরবর্তী জনপদ। তিনি বলেন, ‘এই জায়গাটি লড়াই থেকে বেশ দূরে। সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’