দীর্ঘদিনের বিশ্বাস, দায়িত্ববোধ আর মানবিক সম্পর্ক কখনো কখনো এমন গল্পের জন্ম দেয়, যা অবিশ্বাস্য মনে হলেও বাস্তব। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট অ্যালবান্স এলাকার বাসিন্দা জেন সেইনারের জীবনে ঘটেছে ঠিক তেমনই এক ঘটনা।

একই বাড়িতে টানা ২৩ বছর ভাড়া ছিলেন জেন। এই দীর্ঘ সময়ে তিনি কখনো ভাড়া বকেয়া রাখেননি, বরং বাড়িটির যত্ন নিয়েছেন নিজের সম্পত্তির মতো করেই। বছরের পর বছর ধরে বাড়ির মালিক জন পেরেট লক্ষ্য করেছেন, জেন শুধু একজন ভাড়াটিয়া নন, তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বস্ত মানুষ।
একদিন হঠাৎ একটি ফোনকল পান জেন। প্রশাসনিক কিছু কাজের জন্য তার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও পরে তিনি জানতে পারেন, এর পেছনে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় চমক।
বাড়ির মালিক জন পেরেট সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বাড়িটি আনুষ্ঠানিকভাবে জেনের নামে লিখে দেবেন।
সম্পত্তির বাজারে যেখানে বাড়িকে সাধারণত বিনিয়োগ ও লাভের হিসাবেই দেখা হয়, সেখানে একজন ভাড়াটিয়াকে পুরো বাড়ি উপহার দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
জন পেরেটের ভাষ্য, দীর্ঘ ২৩ বছরের সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস এবং জেনের দায়িত্বশীল আচরণই তাকে এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই ঘটনা যেন মনে করিয়ে দেয়—বিশ্বাস, সততা ও দায়িত্ববোধের মূল্য কখনো কখনো টাকার অঙ্কেও মাপা যায় না।



