ফেসবুক লাইভে কান্নার পর ছাত্রদলের পদ পেলেন নয়ন

ফেসবুক লাইভে কান্নার পর ছাত্রদলের পদ পেলেন নয়ন

কমিটিতে পদ না পাওয়ায় ফেসবুক লাইভে এসে কান্না করে আলোচনায় আসা আহসান উল্লাহ নয়নকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে কান্নার পর ছাত্রদলের পদ পেলেন নয়ন

শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পান আহসান উল্লাহ নয়ন। তিনি জেলার সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে এবং মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে গত ২ মে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে পদ না পেয়ে আহসান উল্লাহ নয়ন ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং সংগঠনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

সেসময় তিনি দাবি করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পরের লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

পরবর্তীতে বঞ্চিতদের তালিকা করে বর্ধিত কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন ৫৫ সদস্যের বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বঞ্চিত কর্মীদের মূল্যায়ন করতেই এই বর্ধিত কমিটি দেওয়া হয়েছে। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ নয়ন বলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেন। তিনি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে নয়নের ফেসবুক লাইভে কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Scroll to Top