ইসরায়েলের সেই বক্তব্যের প্রতিফলনই শুক্রবার দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৭ জন।
এদিন সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে হারুফ এলাকায়। সেখানে তিন নারীসহ নয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আল–দুয়েইর এলাকায় ছয়জন, হাবুশে সাতজন, আরব সালিমে তিনজন ও তাল আবিয়াদে তিনজন নিহত হয়েছেন। আল–শারকিয়াহ, কফারসির, আল–কাতরানি, নাবাতিয়েহ, দেইর আল–জাহরানি, কফার রুম্মান, আল–আব্বাসিয়া এলাকায়ও হতাহতের খবর পাওয়া গেছে।
এমন হামলার মধ্যে হিজবুল্লাহ-ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা থেকে নতুন করে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে বলে রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। যুদ্ধবিরতির ঘোষণার পরও বিকেল পাঁচটা পর্যন্ত ৪৫ মিনিটের মধ্যে অন্তত ১২টি হামলা চালায় ইসরায়েল। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী ওই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে এদিন হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় চার ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। এ ঘটনার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, লেবাননকে ‘জ্বালিয়ে দিতে’ হবে।


