শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় এনসিপির উদ্বেগ, ৯০ দিনের মধ্যে বিচারের দাবি – DesheBideshe

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় এনসিপির উদ্বেগ, ৯০ দিনের মধ্যে বিচারের দাবি – DesheBideshe


শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় এনসিপির উদ্বেগ, ৯০ দিনের মধ্যে বিচারের দাবি – DesheBideshe

ঢাকা, ১৯ মে – রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার পৈশাচিক ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

এনসিপি এই সব পৈশাচিক ঘটনার বিচারের জন্য ৯০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পল্লবীর ঘটনায় জাতীয় নারী শক্তি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। গত ২৪ ঘণ্টারও কম সময়ে সারাদেশে অন্তত তিনটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। নাটোরে ৬ বছর বয়সী শিশু এবং ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সমাজের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

এনসিপি মনে করে, দেশে নারী ও শিশুরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও তাদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতিকে আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতির ফল হিসেবে দেখছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পল্লবী, মিরপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার শুরু করতে হবে। ৯০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব।

এছাড়া পুলিশ ও প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাষ্ট্রকে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি দাবি করেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারগুলোকে আরও কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দাবি পূরণ না হলে নারী ও সচেতন নাগরিকদের নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এনএন/ ১৯ মে ২০২৬



Scroll to Top