বিশ্ববাজারে জনপ্রিয় ভারতীয় আম এবার একের পর এক দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ছে। জাপানের পর নেপালও ভারত থেকে আম আমদানি বন্ধ করেছে। দেশটির দাবি, ভারতীয় আমের কয়েকটি চালানে নিরাপদ মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর কীটনাশক পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, এপ্রিল ও মে মাসে সীমান্তের বিভিন্ন কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষা-নিরীক্ষার সময় ভারত থেকে আমদানি করা কয়েকটি চালানে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নেপাল সরকার।
নেপাল সরকার বলেছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। খাদ্যের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। এ কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় আম আমদানি স্থগিত করা হয়েছে। এর আগে খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যে রয়েছে আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী জাতের আম।
গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। দেশটিতে স্থানীয় উৎপাদন সীমিত হওয়ায় প্রতিবছর চাহিদা পূরণে ভারত থেকে বিপুল পরিমাণ আম আমদানি করা হয়।
নতুন এই নিষেধাজ্ঞায় নেপালের আম ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ভারতীয় আমের সরবরাহ বন্ধ হওয়ায় বাজারে সংকট সৃষ্টি হতে পারে এবং ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে।


